ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

বাংলাদেশ-জাপান সম্পর্ক: উন্নয়ন অংশীদারিত্ব থেকে কৌশলগত মিত্রতার নতুন দিগন্ত

ওমর ফারুক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৭:৫৫ এএম

বাংলাদেশ-জাপান সম্পর্ক: উন্নয়ন অংশীদারিত্ব থেকে কৌশলগত মিত্রতার নতুন দিগন্ত

আন্তর্জাতিক কূটনীতি ও ভূ-রাজনৈতিক সমীকরণে কোনো দেশের সরকারপ্রধানের সফর নিছক কোনো প্রথাগত আনুষ্ঠানিকতা নয়, বরং তা ভবিষ্যৎ সম্পর্কের একটি সুস্পষ্ট রূপরেখা বা ব্লু-প্রিন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনব্যাপী (২৬-২৯ অক্টোবর) জাপান সফর ঠিক তেমনই একটি ঐতিহাসিক ও কৌশলগত মাইলফলক। এই সফর দুই দেশের অর্ধশতাব্দীর পরীক্ষিত বন্ধুত্বকে কেবল নতুন মাত্রাই দেয়নি, বরং একে একটি পূর্ণাঙ্গ ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছে। বিশ্ব অর্থনীতির এই টালমাটাল সময়ে বাংলাদেশের অর্থনীতি যখন বিনিয়োগের গতি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন টোকিওর এই সফর নতুন সম্ভাবনার এক বিশাল জানালা খুলে দিয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর, ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি যে কয়েকটি উন্নত দেশ প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, জাপান তাদের অন্যতম। এরপর ১৯৭৩ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জাপান সফর দুই দেশের সম্পর্কের একটি শক্ত ভিত রচনা করে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা এবং পারস্পরিক আস্থার ওপর দাঁড়িয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর প্রমাণ করে যে, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক এখন আর কেবল দাতা-গ্রহীতার বা নিছক উন্নয়ন অংশীদারিত্বের গণ্ডিতে আবদ্ধ নেই; বরং তা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠেছে।

উন্নয়নের রূপকার ও ‘বিগ-বি’ উদ্যোগের বাস্তব রূপায়ন: জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। বাংলাদেশের যেকোনো বড় অবকাঠামোগত উন্নয়নের দিকে তাকালে জাপানের পদচিহ্ন স্পষ্ট চোখে পড়ে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ থেকে শুরু করে সাম্প্রতিককালের ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মাণ এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর—প্রতিটি মেগা প্রকল্পেই রয়েছে জাপানের কারিগরি ও বিপুল আর্থিক সহায়তা।

২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের সময় ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগের যে সূচনা হয়েছিল, তা আজ স্বপ্ন থেকে একটি দৃশ্যমান বাস্তবতায় পরিণত হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারকে ঘিরে একটি বিশাল শিল্প ও বাণিজ্য বলয় গড়ে তোলা। এই বলয় কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং স্থলবেষ্টিত উত্তর-পূর্ব ভারত, নেপাল ও ভুটানের জন্যও একটি আঞ্চলিক সংযোগ বা ট্রানজিট হাব হিসেবে কাজ করবে। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠকে এই বিগ-বি উদ্যোগের অগ্রগতি এবং মাতারবাড়ীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অবকাঠামো প্রকল্পগুলোর খরচ ও সুদের হার কমানোর বিষয়েও আলোচনা হয়েছে, যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি।

এলডিসি উত্তরণ ও ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ): বাণিজ্যের নতুন রক্ষাকবচ: বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। এটি যেমন জাতির জন্য একটি বিশাল অর্জন ও গর্বের বিষয়, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ বর্তমানে উন্নত দেশগুলো থেকে যে শুল্কমুক্ত বাজার সুবিধা (যেমন জিএসপি) পেয়ে থাকে, তা আর স্বয়ংক্রিয়ভাবে পাবে না। জাপানের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্য বর্তমানে যে ডিউটি-ফ্রি বা কোটা-ফ্রি সুবিধা পাচ্ছে, তা অব্যাহত রাখতে হলে দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) বা অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির কার্যকর বাস্তবায়ন অপরিহার্য।

গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ও জাপানের মধ্যে এই ইপিএ স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর বর্তমান সফরের অন্যতম প্রধান এজেন্ডা হলো এই চুক্তির শর্ত, বাজারে প্রবেশের নিয়ম এবং সংশ্লিষ্ট সুবিধাগুলো ব্যবসায়ীদের কাছে পরিষ্কার করা ও এর দ্রুত বাস্তবায়ন। জাপানের মতো একটি বিশাল ও উচ্চ-ক্রয়ক্ষমতাসম্পন্ন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে তা বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ এবং কৃষিপণ্যের রপ্তানি বহুমুখীকরণের জন্য একটি বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

‘চায়না প্লাস ওয়ান’ নীতি ও জাপানি বিনিয়োগের বিশাল হাতছানি: বাণিজ্যের পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য। বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে জাপানি বহুজাতিক কোম্পানিগুলো বর্তমানে ‘চায়না প্লাস ওয়ান’ নীতি গ্রহণ করেছে। অর্থাৎ, কেবল চীনের ওপর নির্ভরশীল না থেকে তারা বিকল্প, সস্তা ও নিরাপদ বিনিয়োগ গন্তব্য খুঁজছে।

এই বিশাল সুযোগটি কাজে লাগাতে বাংলাদেশ সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক হাজার একর জমির ওপর স্থাপন করেছে ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’, যা মূলত জাপানি বিনিয়োগকারীদের জন্য ডেডিকেটেড। প্রধানমন্ত্রীর এই সফরে ৭৭৪.৭ বিলিয়ন টাকা জাপানি বিনিয়োগের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিনিয়োগ অবকাঠামো, জ্বালানি, ডিজিটাল ট্রান্সফরমেশন, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ প্রশিক্ষণে ব্যবহৃত হবে।

‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সস্তা শ্রম, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং ভৌগোলিক কৌশলগত অবস্থানের কথা তুলে ধরছেন। টয়োটো কারখানা ও ইউনিক্লোর সদর দপ্তরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশে অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং হালকা প্রকৌশল খাতে নতুন বিনিয়োগের পথ সুগম হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তি হস্তান্তর: শিল্পের প্রাণভোমরা: বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় বাধা হলো জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা। গ্যাসের ঘাটতি এবং আমদানিনির্ভর জ্বালানির মূল্যের ওঠানামা শিল্প ও ব্যবসার ওপর মারাত্মক চাপ তৈরি করে। এ ক্ষেত্রে জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে। প্রধানমন্ত্রীর ফুত্সু শহরে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কর্মসূচি এ ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাপানের সঙ্গে জ্বালানি সহযোগিতা কেবল এলএনজি আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তি হস্তান্তরের কোনো বিকল্প নেই। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেকনোলজি এবং কৃষিতে ‘স্মার্ট এগ্রিকালচার’ বা প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিতে জাপানের কারিগরি জ্ঞান বাংলাদেশের খাদ্য ও শিল্প নিরাপত্তাকে আরও সুসংহত করবে।

প্রতিরক্ষা কূটনীতি, সামুদ্রিক নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি: প্রধানমন্ত্রীর জাপান সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও কৌশলগত দিকটি হলো দুই দেশের সম্পর্ককে নিছক ‘উন্নয়ন অংশীদারিত্ব’ থেকে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা। এর অর্থ হলো, এখন থেকে দুই দেশের সম্পর্ক কেবল অর্থনীতি বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা, সাইবার সিকিউরিটি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো স্পর্শকাতর ভূ-রাজনৈতিক বিষয়গুলোও এই সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ হবে।

বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ‘ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলটি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ ভিশনের অন্যতম প্রধান প্রবক্তা জাপান। বাংলাদেশও স্পষ্ট করেছে যে, ঢাকা একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল দেখতে চায়। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা বা ‘সুনীল অর্থনীতি’র সম্ভাবনা কাজে লাগাতে এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে জাপানের রাডার প্রযুক্তি, টহল জাহাজ এবং কারিগরি সহায়তা বাংলাদেশের নৌবাহিনীর আধুনিকায়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও জাপানের শ্রমবাজার: নতুন স্বপ্নের দুয়ার: জাপান বর্তমানে এক চরম জনমিতিক বা ডেমোগ্রাফিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে, ফলে সেখানে তীব্র শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ উপভোগ করছে, যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ ও কর্মক্ষম।

টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এবং স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার ভিসার মাধ্যমে প্রচুর বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীর জাপানে যাওয়ার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে নার্সিং, কেয়ারগিভিং, আইটি, কনস্ট্রাকশন এবং কৃষিখাতে আরও বেশি বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে জাপানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে শুধু কর্মী পাঠানোই লক্ষ্য নয়, বরং দেশে জাপানি ভাষার প্রসার এবং বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই তরুণদের প্রকৃত ‘দক্ষ জনশক্তিতে’ রূপান্তর করাই এই সফরের অন্যতম লক্ষ্য।

রোহিঙ্গা সংকট নিরসনে জাপানের ভূ-রাজনৈতিক প্রভাব: মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বিষয়টি বর্তমানে বাংলাদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত বোঝা। এই মানবিক সংকট মোকাবিলায় জাপান শুরু থেকেই বাংলাদেশকে বিপুল পরিমাণ আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে আসছে। তবে শুধু ত্রাণ সহায়তাই যথেষ্ট নয়, প্রয়োজন এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান।

মিয়ানমারের ওপর জাপানের যথেষ্ট অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপানের আরও সক্রিয় ও জোরালো রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি উত্থাপন এবং মিয়ানমারকে চাপ প্রয়োগের ক্ষেত্রে জাপানকে পাশে পাওয়া বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটি বড় সাফল্য হতে পারে।

প্রত্যাশা ও বাস্তবতার মেলবন্ধন: আমাদের করণীয় কী? প্রধানমন্ত্রীর জাপান সফর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অমূল্য সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সম্ভাবনার কতটুকু আমরা বাস্তবে রূপ দিতে পারব?

জাপানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেই যে বিনিয়োগ স্বয়ংক্রিয়ভাবে হুড়মুড় করে দেশে ঢুকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বিনিয়োগের সিদ্ধান্ত নির্ভর করবে আমাদের দেশের ব্যবসায়িক বাস্তবতা, নীতির ধারাবাহিকতা, উৎপাদন ব্যয়, অবকাঠামোর মান এবং প্রশাসনিক দক্ষতার ওপর। একটি প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করলেই সেখানে উৎপাদন শুরু হয়ে যায় না। জমি বরাদ্দ, পরিবেশগত অনুমোদন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং আমলাতান্ত্রিক জটিলতা—এই দীর্ঘসূত্রতাগুলো দূর করতে হবে। কার্যকর ‍‍`ওয়ান-স্টপ সার্ভিস‍‍` নিশ্চিত করতে না পারলে জাপানি বিনিয়োগকারীরা ভিয়েতনাম বা থাইল্যান্ডের দিকে মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হবে।

একইভাবে, ইপিএ চুক্তির সুফল পেতে হলে আমাদের পণ্যের গুণগত মান, নিরাপত্তা, পরিবেশগত মান এবং সরবরাহের ধারাবাহিকতা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। আর অবকাঠামো প্রকল্পগুলোর ক্ষেত্রে ঋণের বোঝা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাল হয়ে না দাঁড়ায়, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রকল্প যেন নির্দিষ্ট সময়ে এবং বাজেটের মধ্যে শেষ হয়, সেই জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।

শেষ কথা: একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জাপান সফর কেবল কয়েকটি চুক্তি স্বাক্ষর, এমওইউ বিনিময় বা যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মধ্যে সীমাবদ্ধ কোনো সাধারণ সফর নয়। এটি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক কোন পথে এগোবে, তার একটি সুস্পষ্ট নীলকশা। একসময়ের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ যখন অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন উদীয়মান সূর্যের দেশ জাপান সেই যাত্রায় একজন বিশ্বস্ত ও অকৃত্রিম সারথি হিসেবে পাশে থেকেছে।

উন্নয়ন সহায়তা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা এবং ভূ-রাজনৈতিক নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের স্বার্থ আজ এক মোহনায় এসে মিলেছে। কৌশলগত অংশীদারিত্বের এই নতুন যুগে, আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিয়ে আমরা যদি আমাদের নীতি ও কর্মপরিকল্পনাকে ঢেলে সাজাতে পারি, তবে টোকিওর এই ব্লু-প্রিন্ট সত্যিই বদলে দিতে পারে ঢাকার আগামী দিনের ভাগ্য। বাংলাদেশ-জাপান মৈত্রী আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকুক এটাই এখন ১৬ কোটি মানুষের প্রত্যাশা।

লেখক: গণমাধ্যমকর্মী।

ডিজিএন/এফএ

banner
Link copied!