ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

মির্জা ফখরুলের আবেগঘন বিদায়: কেঁদে চাইলেন ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

মির্জা ফখরুলের আবেগঘন বিদায়: কেঁদে চাইলেন ভোট

দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও আসন্ন নির্বাচনের রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

এরপরই বৃহস্পতিবার অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি বিনীত আহ্বান জানান ফখরুল। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সভাটি এক আবেগঘন আবহে শেষ হয়।

সভায় দেওয়া বক্তব্যের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে দলের চরম দুঃসময়ে পাশে থাকা এবং তাকে মূল্যায়নের জন্য চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে নিজের দীর্ঘ দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই কোনো আপস করবেন না।

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে বঙ্গভবনে যাওয়ার পর দলীয় সহকর্মীদের এই উষ্ণ সান্নিধ্য ভীষণভাবে মিস করবেন বলেও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের এই বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল অন্তত চার-পাঁচবার কান্নায় ভেঙে পড়েন, যা পুরো সভাকক্ষে এক ভারী ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দলের চরম দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে ফখরুলের হাল ধরা এবং কারাবরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ফখরুল কঠিন সময়ে কখনোই দলের সঙ্গ ছাড়েননি। অনেক ত্যাগের বিনিময়ে বিএনপি আজকের এই অবস্থানে এসেছে জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এরপর প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিজয়ী করতে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার কড়া নির্দেশ দেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান।

দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত হবে জানিয়ে তিনি সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, স্থানীয় পর্যায়ে এমপিদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের যে দূরত্ব তৈরি হচ্ছে, তা দ্রুত নিরসন করতে হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!