জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা রাজপথে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসন এবং জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছে; জনগণ তাদের ক্ষমা করবে না। দাবি আদায় করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে তবেই আমরা ঘরে ফিরব।’
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা ও জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা এই ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট এই লংমার্চের আয়োজন করেছে।
আজ সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়। সকাল ৯টার দিকে শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
জানা গেছে, শিমরাইলের পর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশের মাধ্যমে এই লংমার্চ সমাপ্ত হবে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে শিমরাইলের পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা। এ সময় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :