ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

ঢাকার দুই সিটিতে এনসিপিরি মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:১২ পিএম

ঢাকার দুই সিটিতে এনসিপিরি মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি আসন্ন নির্বাচনকেন্দ্রিক সার্বিক বিষয়ে দলীয় নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে নাহিদ ইসলাম যোগ্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি জুলাই-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার ওপর কড়া নজরদারি রাখারও নির্দেশ দেন এনসিপির এই আহ্বায়ক।

সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!