রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মিছিলের ঘটনায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় ওই বার্তায় জানানো হয়নি।
এর আগে গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী একটি মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ওই দিন ঘটনাস্থল থেকেই পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করে পুলিশ। একই দিনে এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) দায়ের করা হয়। পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।
শনিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই রুহুল আমিন। শুনানি শেষে বিচারক তাঁদের প্রত্যেকের ১০ দিন করেই রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :