ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস: দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:০০ পিএম

রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস: দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি রমজানের শিক্ষা ধারণ করে একটি শান্তিময় ও মানবিক সমাজ গড়ার আহ্বান জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, রমজান কেবল উপবাস নয়; বরং এটি আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। তিনি উল্লেখ করেন, “এই মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করে। সিয়াম, দান ও ইবাদতের মাধ্যমে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।”

অধ্যাপক ইউনূস তাঁর বাণীতে হিংসা, বিদ্বেষ ও বিভাজন পরিহার করে ভালোবাসা ও সহমর্মিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রমজানের মূল শিক্ষা হলো অন্তরের পবিত্রতা অর্জন করা। এই মাস আমাদের শেখায় কীভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হয়। ব্যক্তিগত ও জাতীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা আমাদের জন্য অনুপ্রেরণা।”

দেশের চলমান এই ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এই পবিত্র মাস বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবার প্রতি রমজানের মোবারকবাদ জানিয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!