সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ফলে আজ রাত থেকেই দেশটিতে শুরু হচ্ছে তারাবির নামাজ এবং আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) পালিত হবে প্রথম রোজা।
অবজারভেটরি থেকে আজ চাঁদ দেখার সংবাদ নিশ্চিত করা হয়। রাজকীয় আদালতের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ২৯ শাবান সূর্যাস্তের পর আকাশে পবিত্র রমজানের নতুন অর্ধচন্দ্র দৃশ্যমান হয়েছে। এই ঘোষণার পর মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীসহ দেশটির প্রতিটি মসজিদে তারাবির নামাজের প্রস্তুতি শুরু হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতি সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হবে। তবে ওমান, জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কিছু দেশে আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার থেকে দেশে প্রথম রোজা শুরু হবে।


আপনার মতামত লিখুন :