মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি আক্রান্ত হলো কাতার। মঙ্গলবার (৩ মার্চ) সকালে কাতারের রাজধানী দোহা শহরজুড়ে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জনপদ। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী দুটি শক্তিশালী ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ মাঝ আকাশেই প্রতিহত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
সকালবেলা বিকট শব্দে দোহা কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের আলোর ঝলকানি। যদিও ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করা হয়েছে, তবে এর ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়ার খবর পাওয়া গেছে।
এর আগে গত সোমবার কাতার তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা দেয়। নিরাপত্তার স্বার্থে এবং হামলার আশঙ্কায় কাতার তাদের বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
কেবল কাতার নয়, গত কয়েক ঘণ্টায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানপন্থী গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতকে পঙ্গু করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছিল, এই হামলাগুলো তারই অংশ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :