রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীর মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতের এ ঘটনার জেরে দায়িত্ব অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে হামলার শিকার হন রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
উপাচার্য জানান, চিকিৎসকরা আইয়ুবকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এর আগেও রেল কর্মচারীদের দ্বারা রাবি শিক্ষার্থীদের হেনস্তার কথা উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এদিকে, শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার জড়িতদের শাস্তির দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্টেশনে জড়ো হয়ে রেললাইনে আগুন জ্বালিয়ে দেন।
চার নিরাপত্তাকর্মীকে বরখাস্তের বিজ্ঞপ্তি প্রকাশের পরও বিক্ষোভ থামেনি; প্রায় চার শতাধিক শিক্ষার্থী স্টেশনের সিসিটিভি, হেল্প ডেস্ক ও জানালার কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :