ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News
মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়

চতুর্থ দিনে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল, যুদ্ধের আগুন ছড়াচ্ছে ৭ দেশে

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:৫৯ এএম

চতুর্থ দিনে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল, যুদ্ধের আগুন ছড়াচ্ছে ৭ দেশে

ইরানের আকাশসীমায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান আজ চতুর্থ দিনে পদার্পণ করেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত উভয়পক্ষের অন্তত ৬১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। এর মধ্যে ইরানি রেড ক্রিসেন্টের মতে, কেবল ইরানেই নিহতের সংখ্যা ৫৫৫ জন।

যৌথ বাহিনীর দাবি অনুযায়ী, হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের ৫০ জন নেতা নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, খামেনির বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর স্ত্রী মনসুরেহ খোজাসতেহ, কন্যা ও জামাতাও নিহত হয়েছেন। একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাতে ১৫৩ জন ছাত্রীর মৃত্যু এই যুদ্ধের নিষ্ঠুরতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।

কোণঠাসা ইরানও বসে নেই। তাদের নিজস্ব প্রযুক্তির ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর সদর দপ্তরে আঘাত হেনেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলায় এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনার মৃত্যু ও কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের খবর নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড।

যুদ্ধের প্রভাব কেবল বারুদে সীমাবদ্ধ নেই। সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টারে ড্রোন হামলায় বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ায় সুপারট্যাংকারের ভাড়া রেকর্ড ৪ লক্ষ ডলার ছাড়িয়েছে, যা বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান আরও ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হতে পারে। অন্যদিকে, লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ায় ইসরায়েলি হামলায় লেবাননেও ৩১ জন নিহত হয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!