ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৯ পিএম

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ‍‍`যমুনা‍‍` অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে অধিকতর তদন্তের দাবিতে শুক্রবার দুপুর থেকেই শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা।

বিকেলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ব্যারিকেডে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এবং সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীদের মূল দাবি- শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শুরু থেকেই রাজপথে সরব রয়েছে সংগঠনটি।

বর্তমানে যমুনা ও শাহবাগ এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!