মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিম্নলিখিত গন্তব্যের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (দুবাই, আবুধাবি ও শারজা), সৌদি আরব (দাম্মাম), কাতার (দোহা), কুয়েত
পরিসংখ্যান বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গত চার দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টি। এর মধ্যে কেবল আজ মঙ্গলবারই বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় কাতার, এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের মতো বড় সব এয়ারলাইন্সও তাদের কার্যক্রম সীমিত করেছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটের নতুন সূচি ঘোষণা করা হবে। ভুক্তভোগী যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :