ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Daily Global News

মন্ত্রিসভায় উঠছে নতুন পে স্কেলের প্রস্তাব, প্রজ্ঞাপন হতে পারে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০১:২২ পিএম

মন্ত্রিসভায় উঠছে নতুন পে স্কেলের প্রস্তাব, প্রজ্ঞাপন হতে পারে বৃহস্পতিবার

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উঠছে। প্রস্তাবিত এই নতুন কাঠামোতে চাকরিজীবীদের সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

মন্ত্রিসভায় এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নতুন বেতন কাঠামোর আনুষঙ্গিক সব বিষয় ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে স্কেলের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হবে।

তারও আগে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে। প্রক্রিয়াটি শেষ হলে দ্রুতই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই প্রজ্ঞাপন জারির মূল কাজ শুরু হবে বলেও সে সময় জানিয়েছিলেন তিনি।

ডিজিএন/এনএস

banner
Link copied!