টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। রডের বদলে বাঁশ ব্যবহারের এই অভিনব দুর্নীতির খবরে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় নির্মাণাধীন এই ব্রিজটির কাজ দিনের বদলে রাতের আঁধারে করা হচ্ছিল। এতে সন্দেহ হওয়ায় এলাকাবাসী গোপনে কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টি ধরে ফেলেন।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিজটির নির্মাণকাজ শুরু করে মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়। ইতোমধ্যে ব্রিজের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম বাঁশ ব্যবহারের বিষয়টি স্বীকার করে কাজের সুবিধার খোঁড়া যুক্তি দাঁড় করান। এদিকে, উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান দায় এড়িয়ে এটিকে জেলা প্রকৌশল দপ্তরের কাজ বলে দাবি করেছেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করার কথা জানিয়েছেন।
তবে ইউএনও মো. ইকবাল হোসেন আশ্বাস দিয়েছেন, এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :