আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। এই উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দিনটি সাধারণ ছুটি নয়, ফলে অন্যান্য দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে। এর ফলে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এদিন ছুটি ভোগ করবেন।
অন্যদিকে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি নয়। সরকারি ক্যালেন্ডারে এটি মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি হওয়ায় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ চাইলে দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন, অন্যথায় এটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। একইভাবে ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ সব বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম ও দাপ্তরিক অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, ‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ যার অর্থ এগারো, আর ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। ইসলামের অন্যতম প্রচারক ও আধ্যাত্মিক সাধক বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানরা বিশেষ দোয়া ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :