ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

ব্যাভিচার ও মানহানি মামলা: ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা খালাস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:২৬ পিএম

ব্যাভিচার ও মানহানি মামলা: ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা খালাস

ব্যাভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণা উপলক্ষে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা আজ সশরীরে আদালতে হাজির হন।

চার বছর আগে শুরু হওয়া এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে, তামিমা সুলতানা তার সাবেক স্বামী রাকিব হাসানের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

মামলার আবেদনে বাদী দাবি করেন, ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি ৩ লাখ ১ টাকা দেনমোহরে রাকিব ও তামিমার বিয়ে হয়েছিল এবং তাদের ঘরে আট বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

পরবর্তীতে ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। ঐ অভিযোগে আরও বলা হয়েছিল, ক্রিকেটার নাসির হোসেন তামিমাকে বিয়ের জন্য ‘প্রলুব্ধ’ করেছিলেন।

আজ রায় ঘোষণার পর আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে নাসির ও তামিমার পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা কোনো অভিযোগই প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। তবে এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের জানান, এই রায়ে তারা অত্যন্ত ‘সংক্ষুব্ধ’ হয়েছেন এবং এই আদেশের বিরুদ্ধে তারা দ্রুতই উচ্চ আদালতে আপিল করবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!