চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্বনির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখন পর্যন্ত ফল প্রকাশের চূড়ান্ত বা সম্ভাব্য নতুন কোনো তারিখও নির্ধারণ করা হয়নি। তবে খুব বেশি দেরি না করে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের একটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণেই ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে চলতি মাসের মধ্যেই সব কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
অন্যদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে দেশজুড়ে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :