ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

বন্যা শেষে আজ পরীক্ষাকেন্দ্রে ফিরছে চট্টগ্রামের লাখো পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১২:৪৬ পিএম

বন্যা শেষে আজ পরীক্ষাকেন্দ্রে ফিরছে চট্টগ্রামের লাখো পরীক্ষার্থী

ভয়াবহ বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দীর্ঘ প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে পরীক্ষাকেন্দ্রে ফিরছেন এই বোর্ডের প্রায় এক লাখ শিক্ষার্থী।

চট্টগ্রামের পাশাপাশি আজ দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত স্বাভাবিক সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজকের রুটিন অনুযায়ী, সকাল ১০টায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে রয়েছে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ও তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা আজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের যাতায়াত এবং শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। এর আগে ৮ জুলাই থেকেই মূলত এ বোর্ডের পরীক্ষা বন্ধ ছিল।

পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করায় গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ থেকে পুনরায় পরীক্ষা শুরুর ঘোষণা দেন। আপাতত শিক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। আর স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য পরবর্তীতে নতুন করে সময়সূচি প্রকাশ করা হবে।

চলতি বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৯৯ হাজার ৬৮৮ জন।

দেশজুড়ে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবারের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অন্যদিকে, চট্টগ্রামের পরীক্ষা বন্ধ থাকলেও এই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে স্বাভাবিকভাবেই পরীক্ষা চলমান ছিল।

ডিজিএন/এনএস

banner
Link copied!