ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Daily Global News

জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে জাহাজ নিখোঁজ: জীবিত উদ্ধার ১০২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:১৮ পিএম

জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে জাহাজ নিখোঁজ: জীবিত উদ্ধার ১০২

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়ার পথে জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের ওই জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর দ্রুত তল্লাশি চালিয়ে ১০২ জন যাত্রীকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল। এটি জাভা প্রদেশের সুরাবায়া বন্দর থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল।

কিন্তু গন্তব্যস্থল বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটি নিখোঁজ হয়। খবর পেয়ে এটির সর্বশেষ অবস্থান লক্ষ্য করে যাত্রীদের খোঁজে দ্রুত হেলিকপ্টার ও অন্য একটি উদ্ধারকারী জাহাজ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য সাধারণ মানুষ যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

তবে নৌপথে দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে দেশটিতে প্রায়ই ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেই মাদুরা দ্বীপের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

ডিজিএন/এনএস

banner
Link copied!