সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে গুরুতর আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :