দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনেই বৈধ পথে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই ২২ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের ঠিক একই সময়ে এর পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, অর্থবছরের প্রথম প্রায় দুই মাসের হিসাবে রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।
প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা সম্পর্কে ব্যাংকাররা বলছেন, হুন্ডির বদলে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের সচেতনতা ও আগ্রহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :