ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

আজ বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ১১:৪১ এএম

আজ বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে রাজধানীর বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চান, যেখানে সাধারণ মানুষ মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ নিয়ে বসবাস করতে পারবেন। তরুণদের কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বিশ্বের সামনে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ছেড়ে যাওয়ার প্রসঙ্গেও আবেগাপ্লুত হন মির্জা ফখরুল। জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতির কথাও স্মরণ করেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হল সাজানো হয়েছে। অতিথিদের প্রবেশ, নিরাপত্তা ও আসনবিন্যাসসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আসন গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে প্রবেশ করবেন।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এরপর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় সেই প্রক্রিয়া।

আজ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এবং সরাসরি সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!