ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

ট্যাংকলরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৫:৩৪ পিএম

ট্যাংকলরি ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও দুজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী হজুফা (২৮), তাঁদের চার বছর বয়সী মেয়ে আয়েশা এবং অটোরিকশাচালক লালন মিয়া। চালক লালন মিয়ার বাড়ি শেরপুর এলাকায়। নিহত নিয়ামত আলী তাঁর পরিবার নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!