যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে জুবায়দা খাতুন (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে জিসানের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতদের উদ্ধারের সময়কার পরিস্থিতি দেখে পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যার কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে আছে। একই খাটে পড়ে ছিল মা জুবায়দার নিথর দেহ।
তার গলায় ওড়না পেঁচানো থাকলেও ওড়নার দুই প্রান্ত তার নিজের দুই হাতে ধরা ছিল, যা মৃত্যুর ধরন নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি করেছে। ঘটনার সময় জুবায়দার স্বামী জাকির হোসেন বহরামপুর বাজারে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
নিহত জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফিরে এসেছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে এটিকে কোনোভাবেই স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না, পুরো ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক।
তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পুলিশ ইতোমধ্যে জোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :