ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

বগুড়ায় বিকল ট্রাকে মরণধাক্কা: বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০১:০৮ পিএম

বগুড়ায় বিকল ট্রাকে মরণধাক্কা: বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি পণ্যবাহী ট্রাকের সজোরে ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সংলগ্ন উড়ালসেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তাপস সরকার এবং তার ছেলে তীব্র সরকার। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের হিলি স্থলবন্দরগামী গো-খাদ্যবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সেটির পেছনের একটি চাকা ফেটে যায়। চালক ও ট্রাকে থাকা কয়েকজন মহাসড়কের ওপর দাঁড়িয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। ঠিক সে সময় একই দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে পেছনের ট্রাকটির কেবিন সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তার ছেলে তীব্র ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কেবিন কেটে হতাহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ ও ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!