চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক উভয়েরই সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দিয়ে আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ১৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।
এদিকে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :