দেশের অন্যতম প্রাচীন ও একমাত্র রাষ্ট্রীয় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ২০২৬-২৭ মাড়াই মৌসুমকে সামনে রেখে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ৮২টি ইউনিটের মোট ৬ হাজার ৩০০ একর জমিতে একযোগে এই রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগামী মৌসুমে চিনির উৎপাদন বৃদ্ধি ও মিলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ে উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ শেষ করতে পারলে চিনি উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের কৃষি বিভাগের কর্মী, স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ইউনিয়নের নেতা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :