ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

জামায়াত নেতার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:০১ এএম

জামায়াত নেতার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর

রংপুরের পীরগঞ্জে মেসার্স নূর ট্রেডার্স নামের এক ব্যক্তি মালিকানাধীন গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুতের ঘটনা ধরা পড়েছে। গুদামটিতে ভ্যানে করে সরকারি চালের বস্তা ঢোকানোর সময় ভিডিও করায় স্থানীয় দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে।

খবর পেয়ে গত বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অভিযান চালিয়ে ওই গুদামটি সিলগালা করে দেন।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে অবস্থিত এই গুদামটির মালিক সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা আবদুল কাইয়ুম মিয়া। তাঁর ছেলে নূর মোহাম্মদ পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গুদামে সরকারি চাল মজুতের দৃশ্য দেখতে পেয়ে দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে তাঁদের গুদামের ভেতর আটকে রেখে মারধর করা হয়। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে গুদামটি সিলগালা করে দেওয়ায় সেখানে ঠিক কত বস্তা সরকারি চাল মজুত ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গুদামের মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন ব্যবসা করার সময় এসেছে।’

অন্যদিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গুদামটি সিলগালা করে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!