সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ওই পুলিশ কর্মকর্তার মালিকানাধীন একটি কারখানায় ভাঙচুরও চালিয়েছে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজার ইউনিয়নের বরদেশি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে বরদেশি এলাকায় ভাড়া থাকতেন এবং সেখানে নিজস্ব ৫ শতাংশ জমির ওপর একটি টিনশেড কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন। হামলায় গুরুতর আহত তাঁর ছেলে মো. আরিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কারখানার কাছ থেকে বাসায় ফেরার পথে আলতাফ হোসেন দেখতে পান, কয়েক যুবক এক বৃদ্ধ অটোরিকশাচালককে অকারণে মারধর করছে। তিনি এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানার ভেতরে আশ্রয় নেন।
কিন্তু অভিযুক্তরা কিছুক্ষণ পর আরও ১৫ থেকে ২০ জনকে সংঘবদ্ধ করে এনে ওই কারখানায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :