ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১২:৪৮ পিএম

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর বাসটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

ডিজিএন/এনএস

banner
Link copied!