ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:৩২ পিএম

বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তের ত্রিপুরা অংশে ৮৫৬ কিলোমিটারের মধ্যে ৮০৫ দশমিক ৯৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকাজ সম্পন্ন করেছে রাজ্য সরকার। ফলে বর্তমানে এই সীমান্তে মাত্র ৫০ কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। 

সম্প্রতি রাজ্য বিধানসভায় আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মোথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এক প্রশ্নের লিখিত জবাবে ত্রিপুরার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া, ধলাই জেলার লংথরাই ভ্যালি, কমলপুর, আমবাসা ও গণ্ডাছড়া এবং উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর, খোয়াই ও সিপাহিজালার সোনামুড়ার বিভিন্ন অংশে কাঁটাতারের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। 

তবে উন্মুক্ত এসব অংশের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যে চিঠি দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।

বেড়া নির্মাণকাজে বিলম্বের প্রধান কারণ হিসেবে বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের খাড়া ও দুর্গম ভূখণ্ড, নির্মাণাধীন পথের প্রাকৃতিক নদ-নদী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্থাপিত সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন আপত্তি এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজের ধীরগতি।

প্রশাসনের সূত্রমতে, অসম্পূর্ণ থাকা প্রায় ৫০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত বর্তমানে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!