ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

অনিয়মের অভিযোগের মধ্যেই চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণের ডিডি বদলি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৫:০৮ পিএম

অনিয়মের অভিযোগের মধ্যেই চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণের ডিডি বদলি

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগের গুঞ্জনের মধ্যেই চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মাসুদুর রহমান সরকারকে বদলি করা হয়েছে।

তাঁকে রংপুরের তাজহাটে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. নুরুল ইসলামকে চুয়াডাঙ্গার নতুন উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের এই রদবদলের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই প্রজ্ঞাপনে রংপুরের তাজহাট এটিআইয়ের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকেও নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে বিদায়ী উপপরিচালক মাসুদুর রহমান সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ইতিমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

যশোর আঞ্চলিক কৃষি কার্যালয় ইতিমধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। তবে জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

অভিযোগ ও তদন্ত চলাকালীন একজন কর্মকর্তাকে মাঠপর্যায়ের প্রশাসনিক পদ থেকে সরিয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাঠানোকে কৃষি বিভাগের অনেকেই ‘শাস্তিমূলক বদলি’ বা ‘ডিমোশন পোস্টিং’ হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে কৃষি বিভাগের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ডিজিএন/এনএস

banner
Link copied!