দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান। তবে পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধি এবং দেশের বাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষেই সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যসচিব।
বাজারে তেলের সম্ভাব্য সংকট নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে তিনি বলেন, "বাজারে কোনো সংকট দেখা দেয় নাই। আমাদের টিম সার্বক্ষণিক বাজার মনিটরিং করছে। বাজারে সংকট হতে পারে বলে যে কথা চাউর হয়েছিল, তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই।"
উল্লেখ্য, এর আগে গত ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়ে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার নতুন এই মূল্য ঘোষণা করা হয়, যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। একই সঙ্গে ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দামও সমন্বয় করে প্রতি লিটার ৭৩ দশমিক ০৯ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।


আপনার মতামত লিখুন :