দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট রিজার্ভ সাড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের বিল পরিশোধের কারণে তা কিছুটা কমে আসে।
এদিকে, চলতি মাসের শুরুতেই রেমিট্যান্স বা প্রবাসী আয়েও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।
প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি। সার্বিকভাবে রিজার্ভ ও রেমিট্যান্স উভয় সূচকেই দেশের অর্থনীতিতে এই ইতিবাচক অগ্রগতির চিত্র উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :