ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Daily Global News

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১২:৪০ পিএম

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৪ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি (৩১ আগস্ট) ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলায় সাক্ষীদের জবানবন্দি, ১৬৪ ধারায় দেওয়া আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।

এসব প্রমাণের ভিত্তিতেই আদালত মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নেন। এর আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং বাকি তিন আসামিকে খালাস দিয়েছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। তাকে ধর্ষণ করেন তার বড় বোনের শ্বশুর হিটু শেখ।

এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় আছিয়াকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে টানা কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়ে একই বছরের ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

ডিজিএন/এনএস

banner
Link copied!