চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের অজু করার জন্য গৃহকর্তার স্ত্রী টিউবওয়েলের কাছে গেলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই ব্যক্তির হাতে একটি কাঁচি ছিল এবং তাঁর শরীর বৈদ্যুতিক তারের সঙ্গে জড়ানো অবস্থায় ছিল। গৃহকর্ত্রীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে ওই বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :