বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১.৯৭ ডলারে।
জ্বালানি খাতের বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে তেলের সার্বিক চাহিদা হ্রাস পেতে পারে। এই আশঙ্কার ওপর ভিত্তি করে খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ‘ওপেক’ ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে।
ওপেকের প্রকাশিত মাসিক বাজার প্রতিবেদনে ২০২৬ সালে বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেল কমানো হয়েছে। তবে একই সংঘাতের কারণে সরবরাহ চেইনে সম্ভাব্য বিঘ্ন ঘটার ঝুঁকি থাকায় বাজারে দাম আরও বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :