দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ এখন ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন বা ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, ২০ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলারে।
এর আগে গত ১৮ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র দুদিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ বেশ কিছুটা বেড়েছে।
উল্লেখ্য, আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী নিট রিজার্ভের হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংকের মোট বা গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বিভিন্ন দায় বিয়োগ করে এই নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :