দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) পুনরায় চালু করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন এই চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু হচ্ছে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সিভিল সার্জনসহ হাসপাতাল কর্তৃপক্ষ যে আপ্রাণ চেষ্টা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আজ থেকে গরিব ও অসহায় রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে অপারেশনের সুবিধা পাবেন।”
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আমরা যেন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষকে সর্বোচ্চ মানের সেবা দিতে পারি, সেই ব্যবস্থা করা হবে। চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতেও আমরা কাজ করছি।”
হাসপাতালের অবকাঠামোগত ও জনবল ঘাটতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “এখানে যে পরিমাণ চিকিৎসক ও নার্স থাকা দরকার, তা নেই। তবে এই জনবল সংকট শুধু জীবননগরেই নয়, সারা বাংলাদেশের সরকারি হাসপাতালেই একই সমস্যা বিদ্যমান। আমি ইতিমধ্যে বিষয়টি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছি। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”
হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহের রবিবার নিয়মিতভাবে ওটিতে অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন সাধারণ ও ছোটখাটো অপারেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পন্ন করা হবে।
গাইনি বা সিজারিয়ান অপারেশনের বিষয়ে তিনি জানান, হাসপাতালে বর্তমানে কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত একজন গাইনি সার্জন নিয়োগের জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চিকিৎসক যোগদান করলেই দ্রুত সিজারিয়ান অপারেশনও শুরু করা হবে।
ডা. রুনা আরও পরামর্শ দেন, রোগীরা বাইরে বেসরকারি ক্লিনিকে মোটা অঙ্কের টাকা খরচ করে অপারেশন করানোর আগে যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে জেনে নেন কোন কোন অপারেশন এখানে হচ্ছে। এতে সাধারণ মানুষ স্বল্প খরচে ও বিনামূল্যে সরকারি উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিবিরের সভাপতি সাগর আহমেদ, জামায়াতে ইসলামীর জীবননগর থানা নায়েবে আমির শাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বায়তুল মাল বিষয়ক সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল, হাসাহাদ ইউনিয়ন আমির আক্তারুজ্জামান, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, এনসিপির উপজেলা সভাপতি সোহেল পারভেজ ও পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :