ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

ছয় নবজাতকের মৃত্যুর পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:২৮ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর পর তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল তিন শর্ত সাপেক্ষে তাদের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে হাসপাতালটিকে পুনরায় তাদের চিকিৎসাসেবা ও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স ও মানবসম্পদ) তারিকুল ইসলাম মুকুল খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, সরকারের অনুমতি পাওয়ায় আজ থেকেই তারা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৭ মে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দেয়।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল এবং এর অধিকতর বিবরণীর প্রেক্ষিতে গত ১৫ জুলাই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেয় মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ওই তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আগের আদেশটি প্রত্যাহার করে নেয় সরকার।

তবে পুনরায় কার্যক্রম শুরুর ক্ষেত্রে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে কঠোর তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনায় ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশের সব নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। এছাড়া লাইসেন্সের বিধান অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসব শর্তের কোনো একটি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় পুনরায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!