মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানি রাষ্ট্রদূত বলেন, এই জোট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই। সদস্যদেশগুলোর পক্ষ থেকে আমন্ত্রণ পেলে তেহরানও এতে যুক্ত হবে। মক্কা প্যাক্ট কোনো ইরানবিরোধী জোট নয় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকেও স্বাগত জানায় তেহরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। চলমান এই সংঘাতের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে তেহরান।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রণালিটি খুলে দেওয়ার চেষ্টা করা হলেও ইরানের কঠোর অবস্থানের কারণে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এর মধ্যেই ওই প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজে প্রায়ই হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিল ইরান।


আপনার মতামত লিখুন :