এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে রাতের আঁধারে চালানো সেই ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মঈনুর করিম ও মার্জিনা রায়হান।
আজই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই হাই-প্রোফাইল মামলার ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির জমায়েতে গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনশৃঙ্খলা বাহিনীর এক ভয়ংকর ও সমন্বিত অভিযান চালানো হয়। সেই রাতের নারকীয় হত্যাযজ্ঞে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।

এর মধ্যে কেবল ঢাকাতেই ৩২ জনের প্রাণহানির সুস্পষ্ট তথ্য মিলেছে। এছাড়া নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ এক দশক ধরে ধামাচাপা পড়ে থাকা এই বিচার প্রক্রিয়া নতুন করে গতি লাভ করে।
এই চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো প্রভাবশালী ব্যক্তিরা। ইতোমধ্যে এই মামলায় ৯ জন হেভিওয়েট আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
তারা হলেন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। পাশাপাশি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দীর্ঘদিন পর এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে শাপলা চত্বর ট্র্যাজেডির ন্যায়বিচারের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :