ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
Daily Global News

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাদ্য ও সংগীত উৎসবে গুলি, শিশুসহ হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাদ্য ও সংগীত উৎসবে গুলি, শিশুসহ হতাহত ৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল সেন্টারে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সি একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) শহরের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসব চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আনন্দঘন এক উৎসবের মুহূর্ত মুহূর্তের মধ্যেই পরিণত হয় চরম আতঙ্কে।

সিয়াটল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় একাধিক হতাহতের খবর নিশ্চিত করে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণে জনসাধারণকে দ্রুত ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের শারীরিক অবস্থা বা কোনো সন্দেহভাজনকে আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে যেতে দেখা গেলেও, তিনি এই হামলার সাথে সরাসরি জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিয়াটল শহরের বিখ্যাত আইকনিক স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছেই অবস্থিত সিয়াটল সেন্টার। ১৯৬২ সালের ওয়ার্ল্ডস ফেয়ার উপলক্ষে নির্মিত এই স্থানে সপ্তাহজুড়ে চলছিল বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব।

শত শত স্থানীয় খাদ্য বিক্রেতা ও সংগীতশিল্পীর পদচারণায় মুখর এই উৎসবে এমন আকস্মিক গুলির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। হামলার প্রকৃত কারণ ও বন্দুকধারীর পরিচয় শনাক্তে পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!