রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনার পর আজ শুক্রবার (২৭ মার্চ) তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল থেকে স্পিডবোট নিয়ে ডুবুরি দল নদীর আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, “দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে। যদি আরও কোনো মৃতদেহ থেকে থাকে, তবে সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা দুর্ঘটনাস্থলের পাশাপাশি নদীর ভাটির দিকে এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় স্পিডবোট দিয়ে খুঁজে দেখছি।”
এখন পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আর কেউ আছে কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
গত বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :