ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Daily Global News

বড় ধাক্কা খেল ইসরায়েল: ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৮:২৭ পিএম

বড় ধাক্কা খেল ইসরায়েল: ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

হরমুজ প্রণালি ঘিরে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালি এক অভাবনীয় সিদ্ধান্ত নিল। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনা শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় সিদ্ধান্তের কথা জানান।

ইতালি ও ইসরায়েলের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল। গত দুই দশক ধরে ইতালির প্রতিটি রাজনৈতিক সরকার প্রতি পাঁচ বছর অন্তর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল। বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধারাবাহিকতা থেকে সরে আসা ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ও সামরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

চুক্তি স্থগিতের পাশাপাশি জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি আবার সচল করতে সব ধরণের আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো উচিত। মার্কিন অবরোধ এবং ইরানের অনড় অবস্থানের ফলে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে ইতালি যে সংলাপের পক্ষে, তাঁর এই বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা থেকে ইতালি ও ইউরোপের স্বার্থ রক্ষার্থেই মেলোনি এই কৌশলগত অবস্থান নিয়েছেন। ইসরায়েলের সঙ্গে দূরত্ব তৈরি করে ইরান বা আরব বিশ্বের সঙ্গে উত্তেজনার পারদ কমাতে চাইছে রোম।

ডিজিএন/এনএস

banner
Link copied!