জ্বালানি তেল নিতে এসে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণের দায়ে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত সিফাত হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে জীবননগর ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসেন সিফাত হোসেন। লাইনে দাঁড়ানো এবং তেল নেওয়াকে কেন্দ্র করে ওই যুবক পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের সঙ্গেও ওই যুবক অশোভন আচরণ করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন অভিযুক্ত যুবক সিফাত হোসেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী, আজ দুপুরেই সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জীবননগর উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বর্তমান সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে পাম্পগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ধৈর্য ধারণ করার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :