ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
Daily Global News

‘আম-জাম ধরলে আমাকে পাঠাবেন’: কৃষক কার্ডের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৩১ পিএম

‘আম-জাম ধরলে আমাকে পাঠাবেন’: কৃষক কার্ডের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণকালে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বলভাবে কৃষকদের কাছে আম ও জাম খাওয়ার আবদার করেন।

চারা বিতরণকালে প্রধানমন্ত্রী উপস্থিত কৃষকদের উদ্দেশে বলেন, “আপনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। আপনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপণ করতে হবে। আর যারা আম ও জাম গাছ পেয়েছেন, তাদেরকে আমি বলেছি- আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন। আপনারা সবাই খেয়াল রাখবেন।” প্রধানমন্ত্রীর এই সহজ-সরল বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

বেলা ১২টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চেপে এই কর্মসূচির উদ্বোধন করেন। সাথে সাথেই টাঙ্গাইলসহ সারা দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ পৌঁছে যায়। এর মধ্যে টাঙ্গাইল জেলার ১ হাজার ৪৫৩ জন কৃষক তাৎক্ষণিকভাবে এই সুবিধা পেয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, বর্তমান নির্বাচিত সরকারের মূল লক্ষ্য কৃষকের ভাগ্য উন্নয়ন। তিনি ঘোষণা করেন, “আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লক্ষ কৃষকের হাতে এই ‘কৃষক কার্ড’ পৌঁছে দেবে। কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

সকাল থেকেই শহীদ মারুফ স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি সড়ক পথে টাঙ্গাইলে পৌঁছান। উদ্বোধন শেষে তিনি উপস্থিত কৃষকদের সাথে কুশল বিনিময় করেন এবং কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!