ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত সাতজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের ওপরে থাকা যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি দিনাজপুর থেকে বিপুল পরিমাণ চাল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত ৩টার দিকে হাসানপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের একটি গভীর খাদে উল্টে যায়। ট্রাকের ওপরে থাকা যাত্রীরা চালের বস্তার নিচে ও ট্রাকের চাপে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।
আহতদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তাঁরা কম খরচে চট্টগ্রামে যাওয়ার জন্য দিনাজপুর থেকে এই মালবাহী ট্রাকে উঠেছিলেন। গভীর রাতে মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকলেও চালবোঝাই ওই ট্রাকে অন্তত ১৩ জন যাত্রী ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া আহত ছয়জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং চালকের খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :