ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Global News
চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৯:২৩ পিএম

দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

টানা কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আগুনের গোলার মতো তপ্ত রোদে জেলার জনজীবন এখন পুরোপুরি বিপর্যস্ত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল ওই দিনের দেশের সর্বোচ্চ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আজ তা ৩৯.৭ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩১ শতাংশ হওয়ায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ।

তীব্র রোদের কারণে বেলা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা ছাতা বা মাথায় কাপড় দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। খেটে খাওয়া মানুষ ও রিকশাচালকরা গাছের ছায়ায় বা শীতল স্থানে বিশ্রাম নিয়ে একটু স্বস্তির খোঁজ করছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, “টানা দুই দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা যে হারে বাড়ছে, তাতে যেকোনো সময় এটি ৪০ ডিগ্রি ছাড়িয়ে তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে। গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের এই সময়ে বাড়তি সর্তকতা প্রয়োজন। প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পাশাপাশি সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

চুয়াডাঙ্গার এই রেকর্ড তাপমাত্রার প্রভাবে মাঠের ফসল ও গবাদি পশুর অবস্থাও নাজুক হয়ে পড়েছে। বৃষ্টির জন্য হাহাকার বাড়ছে সর্বত্র।

ডিজিএন/এনএস

banner
Link copied!