হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধ নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন সতর্ক করে বলেছে, এই ধরণের হঠকারী পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে এক ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। আজ সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার এই অবস্থান পরিষ্কার করেন।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে দিমিত্রি পেসকভ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন, তা আন্তর্জাতিক বাজারে চরম অস্থিরতা তৈরি করবে এটি নিশ্চিতভাবেই বলা যায়।” তবে পরিস্থিতির জটিলতা বিবেচনায় নিয়ে তিনি আরও যোগ করেন, “এখনও অনেক বিষয় অস্পষ্ট এবং পুরোপুরি বোঝা যাচ্ছে না। তাই এ মুহূর্তে এর চেয়ে বেশি মন্তব্য করতে চাইছি না।”
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় আজ সোমবার রাত আটটা থেকেই হরমুজ প্রণালিতে এই বিশেষ অবরোধ কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, যেসব বাণিজ্যিক জাহাজ বা ট্যাংকার ইরানকে ‘টোল’ প্রদান করবে, সেগুলোকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেবে মার্কিন নৌবাহিনী। রাশিয়ার এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই প্রকাশ্য বিরোধিতা প্রমাণ করে যে হরমুজ ইস্যুটি এখন আর কেবল যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপাক্ষিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নেই। চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোও এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে একটি বড় ধরণের বৈশ্বিক সংকটের দিকে ঠেলে দিতে পারে।


আপনার মতামত লিখুন :